logo

মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে, নিখোঁজ ৪

মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ জেলে, নিখোঁজ ৪

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত ১০ জেলের মধ্যে ৬ জন মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৪ জেলে।

ফিরে আসা জেলেদের মধ্যে আনারুল, ইমরান ও সুশান্ত শুক্রবার (৩ এপ্রিল) রাতে নিজ বাড়িতে পৌঁছান। আগের দিন বৃহস্পতিবার সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম ফিরে আসেন।

জেলেদের দাবি, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা তাদের অপহরণ করে।

ভুক্তভোগী ও স্বজনদের তথ্যমতে, মুক্তির জন্য বনদস্যুরা মোটা অঙ্কের টাকা আদায় করেছে। সাদ্দামকে ছাড়াতে ৪০ হাজার টাকা, আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা এবং ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা দিতে হয়েছে।

ফিরে আসা জেলে সাদ্দাম হোসেন বলেন, ‘টাকা দেওয়ার পর আমাদের ছেড়ে দেওয়া হয়। আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম।’

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, অপহরণ বা জেলেদের ফিরে আসার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় অনেক সময় জেলেরা নিজেরাই বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তারা পুলিশকে জানাতে চান না। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।