logo

বগুড়ায় ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়

বগুড়ায় ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
বগুড়া শহরের চেলোপাড়া এলাকার দুর্জয় ক্লাবে নির্মিত ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। ছবি : এশিয়া পোস্ট

বগুড়া শহরের চেলোপাড়া এলাকার ‘দুর্জয় ক্লাব’-এ তৈরি করা হয়েছে ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। আয়োজকদের দাবি, এটিই চলতি বছর বগুড়া জেলার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। ব্যতিক্রমী ও বিশাল আকৃতির এই প্রতিমাটি দেখতে পূজামণ্ডপে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সি মানুষের ঢল নেমেছে।

গত বছর এই ক্লাবে ১৬ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১৯ ফুট করা হয়েছে। প্রতিমাটিকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন কারিগর ও সংশ্লিষ্ট কর্মীরা।

দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন তারা। গতবারের চেয়ে এবার উচ্চতা ৩ ফুট বাড়িয়ে ১৯ ফুট করা হয়েছে। বিশাল এই প্রতিমা দেখতে বগুড়ার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা মণ্ডপে আসছেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস জানান, জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা প্রসঙ্গে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতোয়ার রহমান বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছেন। পূজা চলাকালে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে।