logo

ময়মনসিংহ মেডিকেল/ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, দুই দিন পর মারা গেলেন নারী

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, দুই দিন পর মারা গেলেন নারী
মশারির নিচে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৫ বছর বয়সি নারী খালেদা বেগম। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তির দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

রোববার (৪ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা বেগম ময়মনসিংহের ধোবাউড়া থানা এলাকার লাল মাহমুদের স্ত্রী। ২ অক্টোবর বিকেল পাঁচটার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি।

এ ছাড়া ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন আছেন ১১৬ জন।

বর্তমানে যে ১১৬ জন ভর্তি আছেন তাদের মধ্যে পুরুষ ৬৩ জন, নারী ৪২ জন ও শিশু রয়েছে একজন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।

হাসপাতালের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে চার অক্টোবর পর্যন্ত হাসপাতালে তিন হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে জানুয়ারিতে ২২ জন ভর্তি হয়েছেন, ফেব্রুয়ারিতে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, মার্চে ১১ জন ভর্তি হয়েছেন, এপ্রিলে নয় জন ভর্তি হয়েছেন, মে মাসে ২০ জন ভর্তি হয়েছেন, জুনে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে, জুলাইয়ে ভর্তি হওয়া ৩৬০ জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে, আগস্টে ভর্তি হওয়া ৯৬৯ জনের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে, সেপ্টেম্বরে ভর্তি হওয়া এক হাজার ৫৭৯ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং চার অক্টোবর পর্যন্ত ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সব রোগীদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবেলায় সবাইকেই সচেতন থাকতে হবে।