logo

সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা

সেনাবাহিনীর উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন দুর্গম পাহাড়ের বাসিন্দারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে তিন দিনব্যাপী চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে।

চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে শনিবার (২ মে) পর্যন্ত পাহাড়ের ১৪টি দুর্গম পাড়ায় বিশেষ টিকাদান ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এর আওতায় ছিল আলীকদম উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরী ইউনিয়ন।

সেনাবাহিনীর আলীকদম জোন সূত্রে জানা যায়, লক্ষ্যমাত্রার একটি বড় অংশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলীকদম উপজেলায় ৮ হাজার ২৭৮ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ হাজার ৫১৩ জনকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নে ৭৮৫ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধের টিকা দেওয়া হয়েছে। ভৌগোলিক প্রতিকূলতা ও যাতায়াতের সীমাবদ্ধতা জয় করে এই সেবা পৌঁছে দেন সেনাবাহিনীর সদস্যরা।

টিকাদান কর্মসূচির পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসা শেষে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, দুর্গম এলাকাগুলোতে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক অভিভাবক শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে পারেন না। ফলে শিশুরা প্রয়োজনীয় টিকা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, কোনো শিশু যেন টিকার আওতার বাইরে না থাকে, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনবল সংকট থাকা সত্ত্বেও চট্টগ্রাম থেকে অতিরিক্ত জনবল এনে এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।