ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল নারীসহ দুইজনের

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরশহরের দরিরামপুর ও বৈলর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) এবং ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের আব্বাস আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)। দিনমজুর শহিদুল দীর্ঘদিন ত্রিশালের বৈলর এলাকায় তার শ্বশুর আব্দুল কদ্দুসের বাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর এলাকায় সাইফুল কমিশনারের বাড়ির সামনে মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ভ্যানগাড়ি ইউটার্ন নিচ্ছিল। ভ্যানে যাত্রী হিসেবে বসে থাকা মার্জিয়া খাতুন ইউটার্ন নেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশালসংলগ্ন বৈলর এলাকার দারুত তাকওয়া হিফজ মাদরাসার সামনে শহিদুল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


