ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ (৪৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে ধলেশ্বরী নদীর বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন আসাদ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, ধলেশ্বরী নদী পারাপারের জন্য চালু থাকা বক্তাবলী ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ফেরিতে ওঠার পথে উঁচু-নিচু ও ভাঙাচোরা অংশ থাকায় যানবাহন নিয়ন্ত্রণে চালকদের বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় ব্রেক করেও ভারী যানবাহন দ্রুত থামানো সম্ভব হয় না।
সোমবার সকালে একটি ট্রাক ফেরিতে ওঠার পর দ্বিতীয় আরেকটি ট্রাক ফেরিতে ওঠার সময় যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণ করছিলেন লাইনম্যান আশরাফ হোসেন আসাদ। এ সময় দ্বিতীয় ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে উঠলে তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়েন। এতে গুরুতর আহত হলে ফেরিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ফেরিঘাটের বেহাল সংযোগ সড়ক ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সড়কের কারণে এর আগেও ফেরিঘাট এলাকায় দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ফেরিতে ওঠার উভয় প্রান্তের সংযোগ সড়ক সংস্কার করতে হবে। পাশাপাশি ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফেরিতে ওঠার সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ওই লাইনম্যান আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
