এমপি নাসেরের ভুয়া ভিডিও তৈরি ও প্রচারের মামলায় একজন গ্রেপ্তার

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ তানভীর আহমেদ। তিনি জুড়ী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শ্রীমঙ্গলে বসবাস করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংসদ সদস্য এম নাসের রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি চক্র এআই প্রযুক্তির অপব্যবহার করে। চক্রটি সম্পূর্ণ ভুয়াভাবে অন্য একজনের শরীরের সঙ্গে নাসের রহমানের মুখমণ্ডল যুক্ত করে একটি অশ্লীল ভিডিও তৈরি করে। পরে সেই বিকৃত ভিডিওটি বিভিন্ন ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মামলাটির তদন্তভার বর্তমানে ডিবি পুলিশের কাছে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডিজিটাল আলামত সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলমান। পাশাপাশি এই চক্রের বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এর আগে বিষয়টি নিয়ে এমপি এম নাসের রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় জানান, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথা অন্যের শরীরে বসিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে। এ ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া যে কোনো কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
.png)

