logo
Advertisement

কলকাতায় আগুনে নিহত সাংবাদিকের বাসায় এমপি আমির হামজা

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কলকাতায় আগুনে নিহত সাংবাদিকের বাসায় এমপি আমির হামজা
নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাসায় এমপি আমির হামজা। ছবি : এশিয়া পোস্ট

ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষ দত্তের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় আমির হামজা নিহত সাংবাদিকের বাবা দিলীপ দত্তের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পরে দেবাশীষের আট বছর বয়সী মেয়ে মহিমা দত্তের পাশে বসে তাকে সান্ত্বনা দেন। এ সময় দেবাশীষের বাবা অগ্নিকাণ্ডের আগে ও পরের পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি আমির হামজা বলেন, দেবাশীষ দত্তের সঙ্গে তার স্ত্রী ও সন্তানও এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শোকার্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, দুর্গত পরিবারের পুনর্বাসন ও সহায়তায় জেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করা হবে। তাঁর সাধ্যমতো পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন। দেবাশীষের মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন তিনি।

আমির হামজা বলেন, দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় সাইফুজ্জামান, ইয়াসিন আরাফাতসহ কুষ্টিয়া জেলা জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার ভোররাতে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, দুই বছর বয়সী শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী নিহত হন।

বিষয় :