ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা শিবির নেতার

পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে বাংলাদেশ ছাত্রশিবিরের এক নেতা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
মো. ইব্রাহিম মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
ফেসবুক পোস্টে ইব্রাহিম জানান, ব্যক্তিগত সিদ্ধান্তে সংগঠনের কার্যক্রম থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির প্রেক্ষিতেই তার এই সিদ্ধান্ত।
পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের সেবা ও নৈতিক কাজ শুধুমাত্র কোনো নির্দিষ্ট সংগঠন বা রাজনৈতিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে কাজ করা সম্ভব। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। এখন থেকে নিজ পেশা, পরিবার ও ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিতে চান তিনি।
যোগাযোগ করা হলে মো. ইব্রাহিম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ও সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।
পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে কাজ করেছেন। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সংগঠন সম্মান জানায় ও তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি।