logo

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার থেকে সাহিনা আক্তার নীরা (১৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে কোয়ার্টারের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নীরা বড়াইগ্রাম পৌর শহরের নুরুল ইসলামের মেয়ে। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চুক্তিভিত্তিক বাবুর্চি নাসরিন আক্তার নীলার ছোট বোন। নিহত নীরা বোনের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারেই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এক যুবকের সঙ্গে নীরার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে পরিবারের সদস্যরা তা মেনে নেননি। বরং নীরার ইচ্ছার বিরুদ্ধে তাকে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নীরার বড় বোন সাহিনা আক্তার স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে ব্যস্ত থাকায় নীরা ঘরে একা ছিল। পরে বিকেলে স্বজনরা নিজ কক্ষে নীরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।