হাইয়েস গাড়িতে এসে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার মোগলাবাজার থেকে তাদের আটক করে মোগলাবাজার থানা পুলিশ।
মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, অন্তত চারটি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় পৌঁছে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত দুটি হাইয়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, আরও দুটি হাইয়েস গাড়ি নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই গাড়িগুলোতে অন্তত আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।