logo

‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত
রাজা ওরফে ‘পিচ্চি’ রাজা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পলায়নের ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি করা হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য রোববার সকালে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলেন। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ পেয়ে কৌশলে পালিয়ে যায় সে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।