১৮০ লিটার তেলসহ টিসিবির পণ্য উধাও, থানায় চুরির অভিযোগ

জামালপুরের ইসলামপুরে টিসিবির পণ্য বিতরণের জন্য মজুত রাখা একটি গোডাউন থেকে প্রায় ৪০ হাজার টাকার পণ্য চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ডিলার।
শুক্রবার বিকেল থেকে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার মধ্যে উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ নভেম্বর কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বিতরণ শেষে অবশিষ্ট সয়াবিন তেল, মসুর ডাল, লবণ ও চিনি গোডাউনে রেখে সেটি তালাবদ্ধ করে বাড়ি চলে যান ডিলার মো. বিপ্লব শেখ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোডাউন খুলে পণ্য চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।
ডিলার বিপ্লব শেখ জানান, চোরেরা গোডাউন থেকে ১৮০ লিটার সয়াবিন তেল, ২৪ কেজি লবণ ও এক বস্তা চিনি নিয়ে গেছে। চুরি হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ১৭৬ টাকা। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পণ্যগুলোর সন্ধান পাননি তিনি।
এ ঘটনায় বিপ্লব শেখ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

