খেলার মাঠেই হার্ট অ্যাটাক, প্রাণ হারালেন কুস্তিগির

কুমিল্লার লালমাই উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গ্রাম্য কুস্তি খেলায় অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হেলাল উদ্দিন মজুমদার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদরাসা-সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন মজুমদার লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আরিফ মজুমদার।
পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত গ্রাম্য কুস্তি খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও মাঠেই আনুমানিক ১০ থেকে ১১ মিনিটের মধ্যে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, হেলাল উদ্দিন নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন না। হঠাৎ খেলায় অংশ নিতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের চাচাতো ভাই আরিফ মজুমদার বলেন, হেলাল উদ্দিন মজুমদার কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি ফুটবলার ও সাবেক সেনাসদস্য। খেলার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।