জমি নিয়ে সংঘর্ষে কোচিং সেন্টারের পরিচালক নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক কোচিং সেন্টারের পরিচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম চয়ন রাজভর (৪০)। তিনি ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার তুলা রাম রাজভরের ছেলে। চয়ন স্থানীয় দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
সংঘর্ষে একই গ্রামের বাসিন্দা আমিনুর ফকির (৫৫) আহত হয়েছেন। তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভর ও আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে চয়ন রাজভরকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।