লুঙ্গি পড়ে ডিবির অভিযান, বেচাকেনার সময় অস্ত্রসহ আটক ৩

গায়ে সাধারণ অটোরিকশাচালকের পোশাক, পরনে লুঙ্গি। দেখে বোঝার উপায় নেই, তিনি গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন। এভাবেই ছদ্মবেশ ধারণ করে সাভারের আশুলিয়ায় একটি গ্যারেজে অভিযান চালিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) রাত ৭টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকার ওই গ্যারেজে অস্ত্র বেচাকেনার সময় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জহুরুল, আলভী ও মামুন। তারা সবাই কুখ্যাত শুটার সাদ্দামের সহযোগী। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কিছুদিন আগে জামিনে কারামুক্ত হয়ে আবার ওই গ্যারেজে অস্ত্র বেচাকেনাসহ অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। তারা শীর্ষ সন্ত্রাসী সাদ্দামের সহযোগী ও আউকপাড়া এলাকায় তার পক্ষে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিলেন।
এর আগে তাদের ধরতে এসআই শাহাদাতের নেতৃত্বে ডিবি দুই থেকে তিনবার অভিযান চালায়। তবে প্রতিবারই পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হন।
আগের অভিযানগুলো ব্যর্থ হওয়ায় এবার পরিকল্পনা পরিবর্তন করে ডিবি। রোববার রাতে এসআই শাহাদাতসহ ডিবির সদস্যরা ছদ্মবেশে অভিযানের সিদ্ধান্ত নেন। অপরাধীদের চোখ ফাঁকি দিতেতাঁরা লুঙ্গি পরে সাধারণ অটোরিকশাচালকের ছদ্মবেশ ধারণ করেন।
এরপর সুকৌশলে গ্যারেজে প্রবেশ করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। দীর্ঘদিনের অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির পর গ্যারেজে অস্ত্র বেচাকেনার সময় তিনজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইদুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই চক্রকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
