পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
এশিয়া পোস্ট গ্রাফিক্স

পাবনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক পপকর্ন বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এবং গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়ার বাসিন্দা অনু আক্তার (৪২) এবং চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে আহাম্মদ আলী (২৩)। নিহত আহাম্মদ আলী ট্রেনে ঘুরে ঘুরে পপকর্ন বিক্রি করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে যাওয়ার জন্য বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি জানায়। পরে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে অভাব-অনটনের সংসারে অল্প বয়সেই হকারি শুরু করেন আহাম্মদ আলী। বিভিন্ন ট্রেনে ঘুরে ঘুরে পপকর্ন বিক্রি করতেন তিনি।

সোমবার ভোরে চাটমোহর স্টেশন থেকে ট্রেনে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে যান আহাম্মদ আলী। সেখান থেকে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনে ওঠার মুহূর্তে হঠাৎ পা পিছলে লাইনে পড়ে যান তিনি। এতে ট্রেনের চাকার নিচে পড়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, গতকাল ট্রেনে কাটা পড়ে একজন এবং আজ সকালে আরও একজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় :পাবনা