ময়মনসিংহে অটোচালককে হত্যার দায়ে একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন

ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন— পলাশ (২৯)। তিনি সদর উপজেলার মধ্যবাড়েরা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— একই এলাকার আব্দুল সামাদের ছেলে তোফায়েল আহমেদ নাসিম (২৩) ও বাবুল মিয়ার ছেলে শাকিল (২৪)।
আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান জানান, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে সদরের ভাটিপাড়া গোপালনগর এলাকার মফিজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক নাজিম উদ্দিন দাপুনিয়ার সুহিলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সড়কে ফেলে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা নাজিম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই নাছির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ, জেরা ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত অভিযুক্ত পলাশকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নাসিম ও শাকিলকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন এবং অভিযুক্তদের পক্ষে ছিলেন আইনজীবী এএইচএম খালেকুজ্জামান ও আবু হানিফ খান।


