ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ফেনী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)। জব্দ করা মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। সোমবার (২৭ জুলাই) ভোরে বিজিবি এসব মালামাল ও যানবাহন জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি বিশেষ টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও চকলেটের পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধ, নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে জিরো টলারেন্স নীতিতে বিজিবির এই আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
.png)






