logo
Advertisement

পরিচালকের সতর্কতা/কর্মঘণ্টা মানেন না ওসমানী মেডিকেলের ৯০ শতাংশ চিকিৎসক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সিলেট
কর্মঘণ্টা মানেন না ওসমানী মেডিকেলের ৯০ শতাংশ চিকিৎসক
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত কর্মঘণ্টা না মানার তথ্য পাওয়া গেছে। নির্ধারিত সময়ে অফিসে না এলেও সময়ের আগে চলে যান ৯০ শতাংশ চিকিৎসক। বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনা করে এমন চিত্র পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্দেশনা জারি করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সকাল আটটায় অফিস শুরু হলেও সকাল নয়টার পর বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হন। নির্ধারিত সময় বেলা দুইটা ৩০ মিনিটের আগে বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করেন।

সম্প্রতি বায়োমেট্রিক উপস্থিতির তথ্য পর্যালোচনা করে কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

তথ্যানুযায়ী, সকাল নয়টার পর কর্মস্থলে উপস্থিত হওয়ার হার বহির্বিভাগের চিকিৎসকদের মধ্যে ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের চিকিৎসকদের মধ্যে ৬৫ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময় সকাল আটটার এক ঘণ্টা পরও উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।

দুপুর দুইটা ৩০ মিনিটের আগে কর্মস্থল ত্যাগের হারও বেশি। বায়োমেট্রিক তথ্যানুযায়ী, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক নির্ধারিত সময়ের আগেই কর্মস্থল ত্যাগ করছেন। ফলে নির্ধারিত কর্মঘণ্টা অনুসরণের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাসপাতালে রোগীদের নিরবচ্ছিন্নভাবে সুষ্ঠু চিকিৎসাসেবা পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, চিকিৎসকদের সতর্ক করা হয়েছে, যাতে তারা নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্তিত হয়ে নিজ নিজ দায়িত্ব পালন ও রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থানের ক্ষেত্রে একই ধরনের নিয়ম অনুসরন করতে হবে। পুনরায় তা পরিলক্ষিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :