বৈরী আবহাওয়ার সুযোগে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, প্রচণ্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিডবোট নিয়ে কালিন্দী নদীর মধ্যস্থ চর এলাকার ‘ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট’ নামক স্থানে আসে। সেখানে ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়।
বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে এলে বিজিবি সদস্যরা প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে স্পিডবোটে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির এমন শক্ত অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঢোকাতে ব্যর্থ হয়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে বিএসএফ সদস্যরা বাধ্য হয়ে ওই ১০ থেকে ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

