logo

লালমনিরহাটে দুই কোটি টাকা মূল্যের ডলারসহ যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
লালমনিরহাটে দুই কোটি টাকা মূল্যের ডলারসহ যুবক আটক
দুই কোটি টাকা মূল্যের ডলারসহ আটক লিখন। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা টোল প্লাজায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. লিখন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক লিখন মিয়া কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম।

জব্দ করা বিদেশি মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে, যা মোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় দুই কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাট সদর থানার একটি দল গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে তল্লাশি করা হয়। তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার পায় পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম বলেন, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক এই ডলারগুলো কোথায় থেকে সংগ্রহ করেছেন এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।