গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, শেরপুর
গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিহত শিশু মানহা মনি। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বাদাম খাওয়ার সময় গলায় আটকে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌর শহরের বেপারীপাডা় হিরন্ময়ী মাঠ সংলগ্ন মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মানহা মনি (৩)। সে সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। মানহার নানা মোস্তফা আহমেদ নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার বেপারীপাড়ার বাসিন্দা এবং উপজেলার তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানহা মনি তার নানার সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। দুপুরে তাকে বাদাম খেতে দেওয়া হলে একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে যাওয়ায় শ্বাসরোধেই তার মৃত্যু হয়েছে।