কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতা গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।
গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০) অন্যতম। জিসান তেলিকোনা গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।
এ ছাড়া চৌদ্দগ্রাম এলাকায় ‘১২০৭’ গ্যাংয়ের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩)। তারেক হোসেন সৈকত নলিশ্বর, খিরনশাল এলাকার আবদুল মালেকের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য। জাফর আহমদ চৌদ্দগ্রাম কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলীর ছেলে।
মনোহরগঞ্জ এলাকার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিবকেও (১৭) গ্রেপ্তার করা হয়েছে। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়ার ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন ইউনিট কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে।