Advertisement

নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের মধ্য দিয়ে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২০ জুলাই) রাতে ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর হাজিগঞ্জ এলাকার ব্রাজিল সমর্থক অপূর্ব ও তার অনুসারীরা বিজয় উদযাপন শুরু করেন। এ সময় উল্লাসকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক হাবিব ও তার সহযোগীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের ধাওয়া দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর আরও লোকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। পাশাপাশি একাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।