সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।
জানা গেছে, গ্রেপ্তার গোলাম মুক্তাদীর রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করেছে। একই দিন বিকেল পৌনে ৫টার দিকে রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত ক্যাফে ফাস্ট ফুডে অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে আরেকজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা পুলিশ।
এর আগে, গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।



