logo
Advertisement

জনগণের কথা না শুনলে আমরা পথ হারাব: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে আমরা পথ হারাব: আইনমন্ত্রী
বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : এশিয়া পোস্ট

জনগণের কথা না শুনলে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ হারাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের যদি কথা বলতে না দেওয়া হয়, আপনাদের কথা যদি না শুনি, তাহলে আমরা পথ হারাব। তখন আমরা আর সঠিক পথে ফিরে আসতে পারব না। এটিই আমাদের অঙ্গীকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে এবং স্বজনকে হারিয়ে পরিবারকে রাতের পর রাত অপেক্ষা করতে না হয়—এমন পরিবেশ তৈরি করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা জরুরি।

আইনমন্ত্রী সতর্ক করে বলেন, আমাদের মধ্যে দলগত মতের অমিল থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই দেশ আমাদের। দেশকে সামনে এগিয়ে নিতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে হবে। আমরা যদি এখনও সেই পরিবেশ তৈরি করতে না পারি, তবে আমরা পথ হারাব এবং সবাই বিপদে পড়ব।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার নানা বিষয় তুলে ধরেন।

সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।