পাচারকালে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে করে বিপুল সয়াবিন তেল নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটির গতিরোধ করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক ওমর ফারুককে (৫৫) আটক করে পুলিশ।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ ব্যারেলে থাকা বিপুল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা তেল ও আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
