নওগাঁ/এক রাতেই ১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নওগাঁর বদলগাছী উপজেলায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এতে ১০ থেকে ১২ জন কৃষক তাদের উৎপাদিত ফসল হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কাঁচা ও পাকা পটলসহ লতাগুলো মাটিতে পড়ে রয়েছে। অধিকাংশ গাছের গোড়া কেটে দেওয়ায় ক্ষেতের গাছগুলো শুকিয়ে পড়তে শুরু করেছে। কয়েক দিন আগেও যেখানে সবুজে ভরা পটলক্ষেত ছিল, সেখানে এখন ধ্বংসের চিত্র দেখা যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, গাছে সম্প্রতি ফলন শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে তারা এসব জমি থেকে গড়ে ৪০ থেকে ৫০ মণ পটল সংগ্রহ করে বাজারে বিক্রি করছিলেন। সেই আয় দিয়ে সংসারের ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনা এবং কৃষিঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু এক রাতের ঘটনায় তাদের সেই আশা ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম বলেন, ধারদেনা করে অনেক কষ্টে পটল চাষ করেছি। সার, ওষুধ ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করেছি। ফসল বিক্রি করে ঋণ পরিশোধের আশা ছিল। এক রাতেই সব শেষ হয়ে গেল।
আরেক কৃষক ইসরাফিল বলেন, সকালে জমিতে এসে দেখি গাছের গোড়াগুলো কেটে দেওয়া হয়েছে। এই ফসলই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস।
বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
