রাঙামাটিতে সাবেক ছাত্রদল নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে ‘রাঙামাটি বিএনপি পরিবার’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন, রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহসভাপতি বাশার আজম ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল সাকু জাবেদ প্রমুখ।
জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, সুমন বিএনপির দুঃসময়ের একজন নেতা। তাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার পর এখনও তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় আমরা উদ্বিগ্ন। যতক্ষণ পর্যন্ত ছাত্রনেতা সুমনকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া না হবে, ততক্ষণ রাঙামাটির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল সাকুর জাবেদ বলেন, সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনা গুমের সংস্কৃতির পুনরাবৃত্তি। আলী আকবর সুমনকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া অগণতান্ত্রিক। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।
একই মঙ্গে রাঙামাটির ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে দ্রুত মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
পুলিশ জানায়, ঢাকার শাহবাগ থানায় এক ছাত্রদল নেত্রীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ডিবি পুলিশের একটি দল সাবেক ছাত্রদল নেতা আলী আকবর সুমন ও রাঙামাটির ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করে।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, ছাত্রদল নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে রাঙামাটি পুলিশকে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।
.png)


