logo

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে চকরিয়ায় ২ জন এবং টেকনাফে একজন মারা যান। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারী চালক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়াউদ্দিন।

নিহত মোহাম্মদ ইউনুস (৫৫) চট্টগ্রামের চান্দঁগাও থানার মৌলভী পুকুর পাড়া এলাকার মো. মুন্সী মিয়ার ছেলে। তিনি পূরবী পরিবহন সার্ভিসের দুর্ঘটনাকবলিত বাসটির সহকারী চালক ছিলেন।

স্থানীয়দের বরাতে উপপরিদর্শক জিয়াউদ্দিন জানান, সকালে চকরিয়ার মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় ঘটনাস্থলেই বাসটির সহকারী চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই চালক ও সহকারী কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলে জানান তিনি।

এসআই জিয়াউদ্দিন জানান, লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন বলে জানান, চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আরিফুল আমিন।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক আরিফুল আমিন বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে এক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে বলে জানান তিনি।

পরিদর্শক আরিফুল আমিন জানান, লাশ এখনও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে মঙ্গলবার সকাল ৮টার দিকে টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুজন গুরুতর আহত হয়।

নিহত ব্যক্তি সৌদি আরব ফেরত মুক্তার আহাম্মদ ওই এলাকার মৃত জাফর আহমেদের ছেলে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।