logo
Advertisement

স্ত্রীকে গোপন বিয়ের জেরে হত্যা, ২১ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মুন্সীগঞ্জ
স্ত্রীকে গোপন বিয়ের জেরে হত্যা, ২১ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার মন্টু মিয়া। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে পরকীয়া ও গোপন বিয়ের জের ধরে আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মন্টু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২১ দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল জব্বার বাংলাদেশ সচিবালয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মন্টু মিয়া, তার স্ত্রী রুবিনা বেগম ও নিহত জব্বার শ্রীনগরের পশ্চিম খৈয়াগাঁও এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে একসঙ্গে বসবাস শুরু করেন। সেখানে চলাফেরার সূত্রে রুবিনার সঙ্গে জব্বারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় ৬ মাস আগে রুবিনা গোপনে জব্বারকে বিয়ে করেন। পরবর্তীতে রুবিনা মন্টুকে তালাক দিয়ে জব্বারের সঙ্গে সংসার শুরু করলে মন্টুর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে গত ১৬ আগস্ট সকালে মন্টু ওই বাড়িতে গিয়ে জব্বারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই জব্বারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জব্বারের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর থানার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং মামলাটির আইনি তদন্তপ্রক্রিয়া অব্যাহত রয়েছে।