logo
Advertisement

হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার

এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ, কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হওয়া উত্তেজনার অবসান হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পর জেলা শিল্পকলা একাডেমিতে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে তৈরি জটিলতা নিরসনে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপির নেতাদের সঙ্গে কওমি ছাত্রদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে পরিস্থিতি শান্ত রাখার বিষয়ে সমঝোতা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বঘোষিত সাংগঠনিক সমন্বয় সভা আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।

কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পর আমাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ধর্মপ্রাণ ও সচেতন ছাত্রসমাজের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ার আলেম-ওলামাদের প্রতি যথাযথ মর্যাদা রাখার জন্য এনসিপির দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। তাদের দাবি পূরণ হওয়ায় এনসিপির অনুষ্ঠানে আর কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সদস্যসচিব আমিনুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের সঙ্গে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা নিরসন হয়েছে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এনসিপির কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে আসছেন এবং কওমি ছাত্রদের সঙ্গে নিয়ে তাদের স্বাগত জানানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সদস্যসচিব আমিনুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা কওমি ছাত্রদের সঙ্গেই যৌথভাবে অভ্যর্থনা জানাব।

এর আগে, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহর এক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে শহরে বিক্ষোভ প্রদর্শন করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরবর্তীতে শনিবার বিকেল তিনটায় শিল্পকলা একাডেমিতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাল্টাসূচি ঘোষণা করে কওমি ছাত্ররা। একই স্থানে বিকেল চারটায় এনসিপির সমন্বয় সভা নির্ধারিত থাকায় প্রশাসনিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিল্পকলা একাডেমিতে যেকোনো কর্মসূচি স্থগিত ঘোষণা করলেও ইউনুছিয়া মাদ্রাসার ফলপ্রসূ বৈঠকে বৈরী পরিবেশ শান্ত হয়।

পূর্বঘোষিত এই সাংগঠনিক সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।