Advertisement

ভোলায় ‘জিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, চার প্রতারক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, ভোলা
ভোলায় ‘জিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণের প্রলোভন, চার প্রতারক গ্রেপ্তার
প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

ভোলার দুলারহাটে ‘জিন হাজির’ করে স্বর্ণালংকার দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু স্বর্ণালংকার ও নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নুরাবাদের রুমা, মুক্তা, মুজিবনগরের স্বপন ফরাজী এবং আলামিন।

জেলা পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে এই প্রতারণার ঘটনা ঘটে। প্রতারকচক্রটি স্থানীয় ১৭ জন নারীকে ‘জিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখায়। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা) প্রতারকদের হাতে তুলে দেন। পরে স্বর্ণ নিয়ে চক্রের সদস্যরা আত্মগোপন করেন।

পুলিশ আরও জানায়, গত ২৭ জুলাই বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পেরে চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির (পেনাল কোড) ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার বলেন, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

বিষয় :ভোলা