কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ও রাতে উপজেলার দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০), কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮) এবং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার (৫৫)। আহত ইয়াসিন একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিক ও রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াসিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্ট এলাকায় দুর্ঘটনায় মারা যান অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্টের পাশে গভীর গর্ত থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড কিংবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা ছিল না।
তাদের দাবি, সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আব্দুস সাত্তার গর্তটি দেখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, নির্মাণাধীন সড়ক ও কালভার্ট এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ পরিচালনা করা হচ্ছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
ওসি সুমন কুমার চৌধুরী বলেন, মধূয়ারচর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)


