নারীসহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে গভীর রাতে এক নারীসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার বাসভবন থেকে তাদের আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন তারা। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়।
ওসি আরও বলেন, পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের রাত আড়াইটার দিকে থানায় নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
.png)

