কুমিল্লায় এবার বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত

কুমিল্লায় এবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার কালিকাপুর এলাকায় দিগন্ত নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুমিল্লার দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া ঈদের দিন শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান সাত পুরুষ, দুই নারী ও তিন শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। হতাহতরা সবাই ছিলেন বাসটির যাত্রী।