logo
Advertisement

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চ। ছবি: এশিয়া পোস্ট

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা অংশ নেননি।

রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন প্রসঙ্গে মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে মহানগর বিএনপির কোনো নেতার সঙ্গে আলোচনা করা হয়নি। সিটি করপোরেশনের প্রশাসক একক সিদ্ধান্তে এটি আয়োজন করেছেন। এছাড়া এতে নেতাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

তারা জানান, আজকে রাষ্ট্রপতির মাজার জিয়ারতের সময়ে এমন একটি গাড়ি মহানগর বিএনপি নেতাদের জন্য দেওয়া হয় যেটি মাজার এলাকার ভেতরে প্রবেশের পাস ছিল না। ফলে গাড়িটি মূল সড়কেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। সিনিয়র নেতাদের হেঁটেই মাজারে যেতে হয়। এসব কারণে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছি না।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এশিয়া পোস্টকে বলেন, নানা কারণে সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না। কারণগুলো এখনই বলছি না। তবে সংবর্ধনা ছাড়া রাষ্ট্রপতির বাকিসব অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনা আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে গতকাল সোমবার তিনি বলেছিলেন, সংবর্ধনার প্রস্তুতির অংশ হিসেবে আমরা নাগরিক সমাজসহ নানা স্তরের নাগরিকদের সঙ্গে কথা বলেছি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১টা ২৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর সাড়ে ১২টায় তিনি শাহজালাল মাজারে পৌঁছান। মাজারে তিনি কিছুক্ষণ অবস্থান করে তাসবীহ পাঠ করেন এবং মাজার জিয়ারত করেন। দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি বের হয়ে শাহপরান (রহ.) মাজারের উদ্দেশে রওয়ানা হন। সেখানে জোহরের নামাজ আদায় শেষে সার্কিট হাউসে ফেরেন।