গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা সূর্য গ্রেপ্তার

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে।
ডিবি পুলিশের পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব।
তিনি জানান, রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


