ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম (২৬) সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে কোর্টপাড়া এলাকায় একটি বাড়ির পাশে পৌর ড্রেন নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ চলাকালীন হঠাৎ পাশের ওই বাড়ির সীমানাপ্রাচীরটি তার ওপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেনের জন্য গভীর গর্ত খুঁড়ে কাজ করার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পাশের দেয়ালটি ধসে পড়ে। দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও ভারী দেয়ালের নিচে চাপা পড়ায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেয়ালচাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।