logo
Advertisement

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটির চারপাশে স্থানীয় উৎসুক জনতা। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মৃত আতাহার আলীর ছেলে মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার মো. ফরিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষের উপক্রম হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে দুটি যানবাহনের যাত্রীরাই নিচে চাপা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তারা ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত মানিকুল ইসলাম জামালপুর সদর উপজেলার বাঘড়াছুটিয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

দুর্ঘটনার পর জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১০টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :