logo
Advertisement

পঞ্চগড়ে অভ্যন্তরীণ কোন্দলে দুই যুবদল নেতার ওপর হামলা

পঞ্চগড়ে অভ্যন্তরীণ কোন্দলে দুই যুবদল নেতার ওপর হামলা
হামলায় আহত যুই যুবদল নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবদলের দুই নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় জেলা শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির কার্যালয়ে সামনে এই পৃথক ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের পদপ্রত্যাশী) হারুন অর রশিদ।

স্থানীয়রা জানান, তারা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থক হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। পরে সিনেমাহল মার্কেটের সামনে তাদের সঙ্গে অপর পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে আরিফুল ইসলাম ইরানের পেটে ছুরিকাঘাত করা হয়। তাকে আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান অনুসারীরা।

বাড়ি ফেরার পথে বিএনপির কার্যালয়ের সামনে হারুন অর রশিদের ওপর হামলা হয়। তাকে মারধর করে মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরানের পেটের নিচে আঘাতের চিহ্ন আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান বলেন, কয়েকজনসহ আমি সিনেমা এলাকায় চা খেতে গিয়েছিলাম। আমার উপর অতর্কিত হামলা করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই।

হামলার বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ইরান পানি সম্পদ প্রতিমন্ত্রীসহ জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে অকথ্য ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা পোস্ট করছে। আমরা তার প্রতিবাদ জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি। ইরান ও হারুনের ওপর কারা হামলা করেছে আমরা কিছুই জানি না।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল চলছে।