মাদক বিক্রিতে বাধা দেওয়ার তিন মাস পর যুবককে খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সজিব (২৫) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মুসলিমপাড়া এলাকায় রহমান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত সজিব ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন।
নিহতের স্বজনদের ভাষ্য, এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল নামে এক ব্যক্তির সঙ্গে সজিবের বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে মাইকেলকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর তাদের মধ্যে বিরোধ আরও বেড়ে যায়।
স্বজনদের অভিযোগ, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মাইকেল, তার ছেলে আকাশসহ ৭-৮ জন সজিবের পথরোধ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



