লেবাননে নিহত বাংলাদেশি নারীর মরদেহ ফেরাতে কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারীর মরদেহ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বুধবার বৈরুতে বিমান হামলায় নিহত হন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শালেপুর এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে দীপালী আক্তার। সেখানে একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।
দিপালীর শোকাহত পরিবারের পাশে থাকার কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের মিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে কীভাবে নিরাপত্তার সঙ্গে লাশটি ফিরিয়ে আনা যায়। সেদেশে এখন যুদ্ধাবস্থা চলছে। যে কারণে বিমান চলাচল স্বাভাবিক নেই। তারপরও মরদেহটি দ্রুত আনার বিষয়ে কথা চলছে।
তিনি আরও বলেন, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আট বাংলাদেশি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের নিরাপদে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিছু নাগরিককে দেশে আনা হয়েছে।
ফরিদপুর পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক অজয় কুমার করের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।