তারে শুকাতে দেওয়া শার্ট নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, মাগুরা

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর একটি বৈদ্যুতিক তারে শার্ট শুকাতে দেন অপূর্বর স্ত্রী। শুকানোর পর শার্ট নিতে গেলে তার ছিড়ে অপূর্ব বিদ্যুতায়িত হন। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অপূর্বকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস বলেন, আমি পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব মারা গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
.png)






