Advertisement

দুধ দিয়ে গোসল করে সেই এমপির এলাকার জামায়াত নেতার পদত্যাগ

এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা
দুধ দিয়ে গোসল করে সেই এমপির এলাকার জামায়াত নেতার পদত্যাগ
দুধ দিয়ে গোসল করছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন ও ইসসেটে সংসদ সদস্য গাজী নজরুল। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্বাচনি এলাকার এক জামায়াত নেতা দুধ দিয়ে গোসল করে দলত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামে দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন।

দলত্যাগকারী মো. দেলোয়ার হোসেন হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত ভিডিও বিতর্ক ঘিরে দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। তিনি এলাকাবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে জামায়াতের রাজনীতি ত্যাগের ঘোষণা দেন।

দুধ দিয়ে গোসল করছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট
দুধ দিয়ে গোসল করছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

দেলোয়ার হোসেন বলেন, সাম্প্রতিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। একজন কর্মী হিসেবে আমি এই পরিস্থিতি মেনে নিতে পারিনি। তাই বিবেকের তাড়না থেকে জামায়াতে ইসলামীর সব ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।

এ বিষয়ে নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, দেলোয়ার হোসেন আমাদের ওয়ার্ড কমিটির একজন কর্মী ছিলেন। তবে তিনি বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কি না, সেটি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি দেখে বলতে হবে।