Advertisement

দুই বছরের কমিটি দিয়ে ৮ বছর, ফেনী ছাত্রদলের তৃণমূলে ক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
দুই বছরের কমিটি দিয়ে ৮ বছর, ফেনী ছাত্রদলের তৃণমূলে ক্ষোভ
ছবি: সংগৃহীত

দুই বছর মেয়াদি কমিটি দিয়ে ৮ বছর পার করেছে ফেনী জেলা ছাত্রদল। দীর্ঘ এই সময়ে সম্মেলন কিংবা নতুন কমিটি না হওয়ায় চরম সাংগঠনিক স্থবিরতা, নেতৃত্ব সংকট ও পদপ্রত্যাশী তরুণ নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী পদগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের থাকার কথা থাকলেও বাস্তবে মেয়াদোত্তীর্ণ কমিটির শীর্ষ নেতাদের প্রায় সবাই এখন বিবাহিত, সন্তানের জনক এবং ব্যবসাসহ নানা পেশায় নিয়োজিত।

দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১২ জুলাই সালাউদ্দিন মামুনকে সভাপতি এবং মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রদলের ৩১ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর কয়েক মাস পর, ২২ অক্টোবর ৩৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ ছিল ২ বছর। তবে ঘোষণার পর দীর্ঘ ৮ বছর পার হলেও এখন পর্যন্ত জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়নি।

গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদলের পদে থাকার কথা নিয়মিত শিক্ষার্থীদের, তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ সময় ধরে কমিটি পুনর্গঠন না হওয়ায় তৎকালীন নেতাদের প্রায় সবাই এখন বিবাহিত এবং অনেকে সন্তান-সন্ততির জনক। পদে থাকা অধিকাংশ নেতাই বর্তমানে ব্যবসায়ী, প্রবাসী বা আইনজীবী হিসেবে পেশাগত জীবনে নিয়োজিত। এ ছাড়া অনেকেরই শিক্ষাজীবন শেষ, আর যারা খাতাকলমে শিক্ষার্থী হিসেবে আছেন, তারাও পড়াশোনায় চরম অনিয়মিত—যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী।

এদিকে দীর্ঘ সময় ধরে কমিটি পুনর্গঠন না হওয়ায় তরুণ ও ত্যাগী নেতাকর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন। তারা দ্রুত নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী এশিয়া পোস্টকে বলেন, নয় বছর—একটি প্রজন্মের অপেক্ষা। ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় অসংখ্য ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী। দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকেও নতুন নেতৃত্বের সুযোগ না পাওয়া অত্যন্ত হতাশাজনক।

সংগঠনটির ফেনী জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ফেনী জেলা ছাত্রদলের একসঙ্গে পথচলার ৯ বছরে পদার্পণ। নতুন নেতৃত্বের সূচনায় আর কত বছর অপেক্ষা...?

জেলা ছাত্রদলের সদস্য সানি মজুমদার বলেন, বর্তমান কমিটি ৮ বছর শেষ করে ৯ বছরে পদার্পণ করেছে, কিন্তু নতুন কমিটি হচ্ছে না। আবার পুরোনো কমিটিও সরে দাঁড়াচ্ছে না। সিনিয়ররা পদ আঁকড়ে ধরে রাখলে আমাদের মতো তরুণদের নেতৃত্বে আসার সুযোগ কোথায়?

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এশিয়া পোস্টকে বলেন, আমরাও চাই জেলা ছাত্রদলে নতুন নেতৃত্ব আসুক। আমার জানামতে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল অনেক দিন যাবৎ কাজ করছে। আশা করছি বিষয়টি কেন্দ্র গুরুত্বের সঙ্গে দেখবে। পাশাপাশি ফেনী বিএনপির বাকি অঙ্গসংগঠনগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলোতেও নতুন নেতৃত্ব দেওয়ার দাবি জানান তিনি।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন জানান, কেন্দ্রীয় সংসদ থেকে নতুন জেলা কমিটি গঠনের আলোচনা প্রায় চার বছর ধরে চলছে। তবে কেন এখনো কমিটি দেওয়া হয়নি, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার জানা নেই। যারা নতুন কমিটির প্রত্যাশী, তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। তাদের প্রত্যাশা অযৌক্তিক নয় এবং নতুন কমিটি হওয়া প্রয়োজন। বিষয়টি নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। আমরা কেন্দ্রীয় নেতাদের আমাদের মতামত জানিয়েছি; খুব শিগগিরই নতুন কমিটি হবে বলে আশা করছি। নতুন নেতৃত্ব এলে সংগঠন আরও গতিশীল হবে।

বিষয় :ফেনী