Advertisement

উপকূলের সুপেয় পানির সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
উপকূলের সুপেয় পানির সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের
বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। ছবি: এশিয়া পোস্ট

উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির নিশ্চয়তা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। তিনি বলেন, ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে পানি পৌঁছে দেওয়া গেলে বিশেষ করে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট ও নিরাপত্তাঝুঁকি অনেকটাই কমে আসবে। এ ধরনের উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে গ্রামীণ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাচ রাষ্ট্রদূত।

বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও বরিশাল সফরের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ইয়োরিস ভ্যান বোমেল। তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আতিথেয়তা ও স্থানীয় জীবনযাত্রার প্রশংসা করেন। একই সঙ্গে ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলীয় মানুষের জীবনমানের আরও ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের কাছে বরিশালের ঐতিহ্যবাহী ভাসমান বাজারও ঘুরে দেখার ইচ্ছে আছে বলে জানান রাষ্ট্রদূত। স্থানীয় মানুষের জীবনযাত্রার এই ব্যতিক্রমী চিত্র তাঁকে আকৃষ্ট করেছে বলেও জানান তিনি। পাশাপাশি বরিশালের মাছের স্বাদ ও বৈচিত্র্যেরও প্রশংসা করেন। প্রকৃতি, মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যে মুগ্ধতার কথাও তুলে ধরেন তিনি।

ডাচ প্রতিনিধি দলের সদস্যরা বাকেরগঞ্জের দুর্গম এলাকায় ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় অফ-গ্রিড ব্যবস্থায় সুপেয় পানি সরবরাহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। দুর্গম ও উপকূলীয় এলাকায় প্রচলিত অবকাঠামোর বাইরে কীভাবে নিরাপদ পানি পৌঁছে দেওয়া হচ্ছে, সে বিষয়ে তাঁরা বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে বলেন, প্রায় দুই দশক আগে তাঁদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়। উপকূলীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা সুপেয় পানির সংকটকে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তাই দীর্ঘদিন ধরে নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তাঁদের প্রতিষ্ঠান।

সফরসঙ্গী হিসেবে ডাচ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।

বিষয় :