logo
Advertisement

কবি নজরুল অডিটরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কবি নজরুল অডিটরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় কবি নজরুল অডিটরিয়ামের নাম পরিবর্তন করে আবার এম সাইফুর রহমানের নামে করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে অডিটরিয়াম পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতিমন্ত্রী এ-সংক্রান্ত নির্দেশনা দেন।

তিনি বলেন, নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।  সংস্কারের জন্য এম সাইফুর রহমান অডিটরিয়াম নামেই টাকা বরাদ্দ দিয়েছি। এই নাম সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমানে অডিটরিয়ামটি জেলা প্রশাসনের অধীনে রয়েছে। নিয়মিত তদারকির ঘাটতি আছে। সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এটি সিটি করপোরেশনের আওতায় আনা প্রয়োজন। প্রতিমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তিনি বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার সময় মিলনায়তনটির নাম ছিল ‘সিলেট অডিটরিয়াম’। চারদলীয় জোট সরকারের সময় সংস্কারের পর তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাইফুর রহমানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’। প্রায় ২০ বছর পর আবার নাম পরিবর্তনের মাধ্যমে সাইফুর রহমানের নাম পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।