বস্তিতে পাওয়া গেল থানা থেকে লুট হওয়া দুই পিস্তল

২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর খুলশী থানা ভবন ভাঙচুর ও লুটপাটের সময় খোয়া যাওয়া দুটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৬ জুলাই) বিকেলে খুলশীর আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তি থেকে অস্ত্র দুটি উদ্ধার করে ডিবি (উত্তর) বিভাগের একটি দল।
উদ্ধার হওয়া নাইন এমএম পিস্তল দুটি ব্রাজিলের তৈরি ‘টরাস’ ব্র্যান্ডের এবং এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের বলে নিশ্চিত করেছে পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক আনচারুল করিম জানান, আমবাগান রেলওয়ে কলোনি এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনার খবরে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র দুটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র দুটির নম্বর ও বিবরণ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে—এগুলো ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় ডবলমুরিং থানা থেকে লুট করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে ডিবির একাধিক দল অভিযানে রয়েছে।
.png)






